Wednesday, June 10, 2020

সৈয়দ কওসর জামালের কবিতাগুচ্ছ

নড়ে ওঠে সাঁকো

[২০১৮ সালের সংখ্যায় প্রকাশিত]

১

বিগত জন্মের প্রেম

বসন্তজানলার কাছে পুনরায় আসে

কথা বলে পুরোনো জন্মের

আঁতকে ওঠে এ জন্মের দেহ

এমন রগড় কেউ কখনো দ্যাখেনি

বয়স হল তো বাপু ঢের !

 

২

বৃথা এ বৃক্ষের নীচে

কেন বসে আছি?

দীর্ঘকাল ছায়া অপসৃত

এসময় যেকোনো সংলাপ চতুরতা

কথা চাই ওষ্ঠ ও জিহ্বার

অন্য ভাষা মৃত…

 

৩

আবেগসর্বস্ব তরী

দুলে ওঠে নিশব্দ উচ্ছ্বাসে

ভেঙেছে জলের নীরবতা,

উত্তেজনা শব্দকারী স্নায়ুর প্রতিভা

শরীরে প্রলয় লিখে রাখে

তাহলে দাঁড়ালে, অক্ষমতা ?

 

৪

কে চেয়েছে পূজা-উপচার

প্রতিমার মন ভালো নেই

আকাঙ্ক্ষা আগেই অন্তর্হিত

কাঠামো অন্ধের শিল্পভাষা

মাটি ও মেদের স্পর্শ চায়

এই গাথা প্রণয়বিস্মৃত ।

 

 

৫

এই যে সম্পর্ক বলো, কী অর্থ তাহার?

এ দেহ সরল, মিথহীন মিথ্যাহীন

ভাঙে হিম পূজাশীতলতা

নদীঢেউ দূরগামী হলে

স্নানের আকাঙ্ক্ষা ফিরে আসে

প্রার্থনাও মনে হয় প্রগলভতা ।

 

৬

প্রণয় জটিল কলা,

নক্ষত্রচারিণী

যতই বর্ণনা করো

অন্ধ চক্ষুদ্বয়

যখনই আলোর দ্যুতি

উল্কাপতনের ভ্রম

শরীর আলোকরেখা

চিনেছে প্রণয় !

 

৭

রহস্য কোথায় থাকে?

রূপ ও লাবণ্য বৃথা যায়

আয়ু নদীপাড় ভাঙে

প্রতিভা হারাল কোন অতীন্দ্রিয় বাঁকে!

 

চতুর্দশ ইন্দ্রিয়ের প্রহরা এড়িয়ে

যখনই গভীর স্নেহে হাত রাখি ত্বকে

পৃথিবী উঠেছে কেঁপে

যেভাবে নাড়ায় সাঁকো মূর্খ, আহাম্মকে।

 

৮

হাতে পিঠে উল্কি আঁকো

সবটা প্রতীকী

শরীরে আগুন লিখি

নড়ে ওঠে সাঁকো ।


6 comments:

  1. 'বৃথাবৃক্ষ' 'আবেগসর্বস্ব তরী' 'প্রণয় জটিলকলা নক্ষত্রচারিনী' কবিতার কাছে এসে আবার নত হই দর্শনিক প্রজ্ঞায়।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

      Delete
  2. কী সুন্দর অনুভব আর তার অনবদ‍্য প্রকাশ !

    ReplyDelete
    Replies
    1. পাঠকেই এই মুগ্ধতাই আমাদের ভালোবাসা দেয় ।

      Delete
  3. অনবদ্য।
    খুব ভালোলাগ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ।

      Delete

We are waiting for your opinion. Please Comment.

Thank You.